রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জাপানে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২, ২০২৬, ০৪:১৫ পিএম

জাপানে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

জাপানে বিরোধীদলীয় নেতা

সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। শনিবার (০২ মে) স্থানীয় সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন।বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদ। 

এ সময় সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার ভোরে ঢাকা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

বিরোধীদলীয় নেতার এই সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি। এ ছাড়াও সফরসঙ্গী হয়েছেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

সাত দিনের এই সফরে ডা. শফিকুর রহমান জাপানে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া তিনি প্রবাসীদের বিভিন্ন সেমিনারে অংশ নেবেন। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জাপান সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাপানে অবস্থানকালে বাংলাদেশি কমিউনিটির নানা সমস্যার কথা শোনা এবং দুই দেশের দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হতে পারে। আগামী ৯ মে জাপান সফর শেষে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।