রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মারা গেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৮, ২০২৬, ০৮:১৭ পিএম

মারা গেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির

আল্লামা সরোয়ার কামাল আজিজী

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির ও চট্টগ্রামের প্রবীণ আলেম আল্লামা সরোয়ার কামাল আজিজী ইন্তেকাল করেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। 

আগামীকাল শনিবার বাদ জোহর সরোয়ার কামাল আজিজীর প্রতিষ্ঠিত মাদ্রাসা আল-জামিয়াতুল আনোয়ার হেমায়াতুল ইসলাম পদুয়ায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

আল্লামা সরোয়ার কামাল আজিজী ১৯৪৭ সালে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের নয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম হাকীমবক্স চৌধুরী পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট ছিলেন।রাজনৈতিক জীবনের দীর্ঘ সফর তাঁর।

তিনি স্থানীয় কওমি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শেষে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসায় দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পাশাপাশি তিনি সাধারণ শিক্ষায় ডিগ্রি অর্জন করেছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি জমিয়তে তোলাবায়ে আরাবিয়া মুসলিম ছাত্র পরিষদের সাথে যুক্ত ছিলেন।সরোয়ার কামাল আজিজী রাজনৈতিক জীবনে ১৯৮১ সালে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৭ সালে সিনিয়র সহ-সভাপতি এবং ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর তিনি দলটির আমির নির্বাচিত হন।

তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি শাহ ওয়ালী উল্লাহ একাডেমী চট্টগ্রামের পরিচালক এবং জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম কওমি মাদ্রাসা পদুয়ার মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও সাত কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের ইসলামি অঙ্গন ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন।