মে ১২, ২০২৬, ০৩:৫৯ পিএম
জামায়াত-শিবিরের নেতাকর্মীরা যা করবে সব স্মার্টনেস, আর বিএনপির নেতাকর্মীরা করলেই জামায়াত-শিবির সেটাকে নোংরা হিসেবে প্রচার করে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন। মঙ্গলবার (১২ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
মুহাম্মদ রাশেদ খাঁন তার পোস্টে বিভিন্ন ঘটনার তুলনা টেনে লেখেন, জামায়াত নেতা এমপি শফিকুল ইসলাম মাসুদের রিকশার পেছনে তাদের নেতাকর্মীরা দৌঁড়ালে কোনো সমস্যা দেখা যায় না।
কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা চিন্তা করে তার গাড়ির পেছনে নেতাকর্মীরা দৌঁড়ালে সেটাকে নেতিবাচকভাবে প্রচার করা হয়। দলীয় প্রধানের প্রতি নেতাকর্মীদের আবেগ থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, জামায়াতের আমিরের পাঞ্জাবি ঠিক করে দেওয়াকেও তারা স্মার্টনেস হিসেবে দেখে।
ভিউ পাওয়ার আশায় কিছু ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যক্রমের কড়া সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি লেখেন, নির্দিষ্ট নেতার ভুল বা ছোটখাটো বিষয় জুম করে প্রচার করা হয় শুধুমাত্র বাড়তি ভিউয়ের জন্য। অভিনেতা সিয়ামের স্ত্রী এবং মিছিলে থাকা নারীদের শারীরিক অবয়ব জুম করে দেখানোর মতো অনৈতিক কাজেরও নিন্দা জানান তিনি। রাশেদের মতে, মিছিলে হুড়োহুড়ি বা ধাক্কাধাক্কি একটি স্বাভাবিক ঘটনা, যা ২০১৮ সালের কোটা আন্দোলন থেকেই দেখা যাচ্ছে।
জামায়াত-শিবিরের সমালোচনার জবাবে তিনি আরও লেখেন, ডিজিটাল প্ল্যাটফর্মের কিছু মানুষ বাড়তি ভিউয়ের জন্য এসব ভিডিও ছড়িয়ে দেয় এবং জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তা প্রচার করে। তাদের নিজেদের নেতাদের বিভিন্ন আচরণের সমালোচনা করে রাশেদ বলেন, অন্যের ভুল ধরার আগে নিজেদের ত্রুটিগুলো ঠিক করা উচিত।বক্তব্যের শেষ দিকে তিনি বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দোষ খোঁজার আগে জামায়াতকে আত্মবিশ্লেষণ করার পরামর্শ দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রাশেদ খাঁনের এই পোস্টটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন