মে ১৩, ২০২৬, ১২:২৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসছেন। বুধবার (১৩ মে) তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।বিয়ের দাওয়াতপত্রের তথ্য অনুযায়ী, কনের নাম আনিকা ফারদিন ফরায়েজি।
তিনি পেশায় একজন চিকিৎসক। আনিকা আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে। তাঁদের আদি বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। আনিকার বাবা আইয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ে উপলক্ষে সাদিক কায়েম ইতোমধ্যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তাঁদের হাতে আমন্ত্রণপত্র তুলে দিয়েছেন। এর অংশ হিসেবে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। এ সময় জামায়াত আমির তাঁকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও দোয়া জানান।
এছাড়া সাদিক কায়েম ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সাথেও সাক্ষাৎ করে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন। স্পিকার তাঁর নতুন জীবনের জন্য শুভকামনা ব্যক্ত করেছেন।সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও নিজের বিয়ের দাওয়াতপত্র দিয়েছেন সাদিক কায়েম।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, জুলাই বিপ্লব বিষয়ক একটি আন্তর্জাতিক কনফারেন্স নিয়ে সাক্ষাতের সময় ড. ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়। ড. ইউনূস এ সময় তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন