রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন এনসিপি নেতারা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৫, ২০২৬, ১০:১৪ পিএম

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন এনসিপি নেতারা

রাঙ্গামাটি জেলা গণঅধিকার পরিষদে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যোগ দিচ্ছেন। শুক্রবার (১৫ মে) রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সমন্বয় সভায় বিভিন্ন দল থেকে নেতাকর্মীদের যোগদানের এই সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা গেছে, গণঅধিকার পরিষদে যোগ দিতে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন এনসিপির রাঙ্গামাটি জেলার আহবায়ক বিপিন জ্যোতি চাকমা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব আন্দোলনের সভাপতি পলাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক চিরজিৎ চাকমা, দপ্তর সম্পাদক সাগর চাকমা এবং প্রচার সম্পাদক অভিলাস চাকমা। 

এছাড়া অবসরপ্রাপ্ত এসআই জলমনি চাকমা এবং এলডিপি নেতা কামালসহ আরও অনেকেই দলটিতে যোগ দিচ্ছেন।সমন্বয় সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। 

তিনি বলেন, গণঅধিকার পরিষদের রাজনীতি সবার জন্য উন্মুক্ত। এমনকি আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীরাও এই দলে যোগ দিতে পারবেন। তবে যারা অতীতে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল, তাদের জন্য গণঅধিকার পরিষদে কোনো জায়গা হবে না।আবু হানিফ আরও উল্লেখ করেন, পাহাড় ও সমতলের মানুষের অধিকার নিশ্চিতে গণঅধিকার পরিষদ সমানভাবে কাজ করে যাবে। জনগণের অধিকার বাস্তবায়নই এই দলের মূল লক্ষ্য। তিনি সরকারকে জুলাই সনদ ও গণভোট নিয়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান।

সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদের সদস্য সাকিব হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন এবং জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহবায়ক আবুল বাশার। ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় সহ-সভাপতি রুদ্র মুহম্মদ জিয়াদ, রাঙ্গামাটি জেলা সভাপতি ইমাম হোসাইন ইমু এবং সাধারণ সম্পাদক রবিউল আউয়ালসহ জয় বড়ুয়া ও অন্যান্য নেতৃবৃন্দ সভায় অংশ নেন।