জুন ৩, ২০২৬, ০৪:০৪ পিএম
গণভোটে দেশের আপামর জনগণের দেওয়া কাঙ্ক্ষিত রায় সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বুধবার সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে বাংলাদেশ খেলাফত মজলিস মক্কা শাখার উদ্যোগে আয়োজিত এক বিশেষ হজ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই রাজনৈতিক ঘোষণা দেন।
দেশ ও প্রবাসের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সমাবেশটি বর্তমান অন্তর্বর্তীকালীন রাজনৈতিক পরিস্থিতিতে এক নতুন বার্তা বহন করছে।দেশের শাসনতান্ত্রিক সংস্কার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার এই চলমান আন্দোলনকে বেগবান করতে খেলাফত মজলিসের এই দূরদর্শী ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
মাওলানা মামুনুল হক বলেন, ২০১৩ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে প্রতিরোধের ভিত রচিত হয়েছিল, তার ওপর দাঁড়িয়েই ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটেছে।
বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের জীবন ও জীবিকার ঝুঁকি নিয়ে যেভাবে এই গণ-অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছিলেন, সেই আকাঙ্ক্ষা পূরণে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন অপরিহার্য। তিনি উল্লেখ করেন যে গত ফেব্রুয়ারি মাসে দেশে মূলত দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যার একটি জাতীয় নির্বাচন এবং অন্যটি ছিল দেশের ইতিহাসের চতুর্থ ঐতিহাসিক গণভোট।গণভোটের পূর্বে দেশের প্রায় সকল রাজনৈতিক শক্তি ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিলেও নির্বাচন-পরবর্তী সময়ে বর্তমান ক্ষমতাসীনরা জনগণের সেই রায় বাস্তবায়নে এক প্রকার গড়িমসি করছে।
আমির মামুনুল হক জানান, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সর্বপ্রথম রাজপথে নেমেছে বাংলাদেশ খেলাফত মজলিস এবং সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক সমাবেশ থেকে দেশব্যাপী কর্মসূচি ঘোষিত হয়েছে। জনগণের দেওয়া রায় চূড়ান্তভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। মক্কা শাখার সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান এবং ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ বক্তব্য রাখেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন