জুন ৮, ২০২৬, ০২:৫২ পিএম
ইসলামী ব্যাংক দখলের চেষ্টা করা হলে দখলদারদের মতোই পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। সোমবার সকালে রাজধানীর উত্তরার ফায়দাবাদে একটি প্রাক হেলথ কেয়ার সেন্টার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জামায়াতের সমালোচনা করা যেতে পারে, কিন্তু জামায়াতের মতো সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা অনেকের পক্ষেই সম্ভব নয়। ইসলামী ব্যাংককে দেশের অন্যতম সফল ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দিয়ে তিনি দাবি করেন, দেশের মোট প্রবাসী আয়ের উল্লেখযোগ্য অংশ এই ব্যাংকের মাধ্যমে আসে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, দেশকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে হবে। সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যা দেশে অস্থিরতা সৃষ্টি করে।
রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বিএনপিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে পরিচালনার আহ্বান জানান।স্বাস্থ্যখাত নিয়ে তিনি বলেন, চিকিৎসার মানোন্নয়নে জাতীয় বাজেটের অন্তত ৮ শতাংশ বরাদ্দ দেওয়া প্রয়োজন। জনগণের অর্থ লুটপাট বা দুর্নীতি হলে অতীতের মতো জনগণই তার প্রতিক্রিয়া দেখাবে বলেও তিনি সতর্ক করেন। অনুষ্ঠানে দলের ঢাকা মহানগরী উত্তরের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন