জুলাই ৪, ২০২৬, ১০:৪৪ পিএম
রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে স্থানীয় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হামলায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন দলটির শীর্ষ নেতারা। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির নেতৃত্বে নেতৃবৃন্দ হাসপাতালে চিকিৎসাধীন কর্মীদের শারীরিক অবস্থার খোঁজ নেন।
আহতদের চিকিৎসার খোঁজ নেওয়ার পাশাপাশি এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে নূরুল ইসলাম বুলবুল এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, ড. আব্দুল মান্নানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
তারা আহত কর্মীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।প্রসঙ্গত, শনিবার বিকেলে ফুলবাড়িয়ায় চাঁদাবাজিবিরোধী মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় অতর্কিত হামলায় জামায়াতের ১৫ থেকে ২০ জন কর্মী আহত হন। হামলায় গুরুতর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।
ঘটনার পরপরই স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ রমনা, শাহবাগ ও পার্শ্ববর্তী থানার আমীররা আহত কর্মীদের হাসপাতালে নিয়ে আসেন। পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে জামায়াত নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন