রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাইকে যারা কটাক্ষ করবে তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে: আবিদুল ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০৩:৪২ পিএম

জুলাইকে যারা কটাক্ষ করবে তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে: আবিদুল ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানকে যারা কটাক্ষ করতে চাইবে বা অস্বীকার করবে, তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশগ্রহণ করে তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে অবহেলিত করতে চাইলে তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। রাষ্ট্রীয় অস্তিত্ব ও ঐক্যের প্রতীক হিসেবে জুলাইকে তিনি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান।

গণঅভ্যুত্থান কোনো নিয়মে হয়নি, বরং জাতিকে মুক্ত করার জন্য এটি সংগঠিত হয়েছে বলে তিনি মনে করেন।টকশোতে আবিদুল ইসলাম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থান না হলে হয়তো আজ কথা বলার পরিবেশ থাকত না। দীর্ঘমেয়াদে গণতান্ত্রিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য জুলাই সনদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি। 

পতিত স্বৈরাচারের দোসররা দেশে বসে জুলাই নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন এই ছাত্রনেতা। তিনি সরকারকে জুলাই অভ্যুত্থানের প্রশ্নে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে পরামর্শ দেন।শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের পরিবর্তনের জন্য অনেকে অকাতরে প্রাণ দিয়েছেন। তিনি যখনই সুযোগ পান, শহীদদের কবর জিয়ারত করতে যান এবং তাদের আত্মত্যাগ চোখের সামনে দেখেন। 

তার ভাষ্যমতে, জুলাই কোনো দলের নয়, বরং দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। একাত্তরের মতোই চব্বিশের গণঅভ্যুত্থান রাষ্ট্রের অস্তিত্বের জন্য অবিচ্ছেদ্য।পরিশেষে আবিদুল ইসলাম খান বলেন, বাংলাদেশের মুক্তির জন্যই তিনি রাজনীতি করেন, তাই দলের চেয়ে দেশ তার কাছে আগে। জুলাইয়ের প্রশ্নে কাউকে কোনো প্রকার ছাড় দেওয়ার সুযোগ নেই বলে তিনি কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন।