রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চিকিৎসা ব্যয় বাড়ার আশঙ্কা প্রকাশ করলেন বিরোধীদলীয় নেতা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ০৮:২৫ পিএম

চিকিৎসা ব্যয় বাড়ার আশঙ্কা প্রকাশ করলেন বিরোধীদলীয় নেতা

সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল-২০২৬ নিয়ে আলোচনার সময় তিনি এই উদ্বেগ জানান।

সংসদে বিলটির ওপর আলোচনা করতে গিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, এখানে মুনাফা বা আয়ের যে ধারণার কথা বলা হয়েছে, তা বাস্তবায়িত হলে স্বাভাবিকভাবেই চিকিৎসা ব্যয় বেড়ে যাবে। তিনি বলেন, বাজেটে জনগণের ওপর চাপ কমানোর কথা বলা হলেও এই বিলের উদ্দেশ্য তার বিপরীত মনে হচ্ছে। শফিকুর রহমানের মতে, এ ধরনের উদ্যোগ আগামীতে চিকিৎসা খাতে অসুস্থ প্রতিযোগিতা তৈরি করতে পারে, যার ফলে সাধারণ জনগণের চেয়ে একটি বিশেষ গোষ্ঠী বেশি লাভবান হবে। জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে বিলটি বিবেচনার সময় বিস্তারিত আলোচনার আহ্বান জানান।

এদিকে, একই অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি অভিযোগ করেন, বিশেষ কমিটির সদস্য হওয়া সত্ত্বেও তাকে যথাসময়ে সভার নোটিশ দেওয়া হয়নি। তিনি বলেন, সভার সময় ১০টার থাকলেও ৯টা ১৯ মিনিটে তাকে মেসেজ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ কমিটির সভার নোটিশ এভাবে দেওয়ার সমালোচনা করে তিনি স্বচ্ছতার দাবি জানান। স্পিকার সংশ্লিষ্ট বিশেষ কমিটির সভাপতিকে ভবিষ্যতে সতর্ক থাকার এবং প্রত্যেক সদস্যকে যথেষ্ট সময় দিয়ে নোটিফাই করার নির্দেশ দেন।