জুলাই ১৫, ২০২৬, ০৬:৪৪ পিএম
ঢাকার কাতার দূতাবাসের সামনের সড়কটি কাতারের সাবেক আমীর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর নামে নামকরণের প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। কাতার ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আধুনিক কাতারের রূপকারের প্রতি শ্রদ্ধা জানাতে এই প্রস্তাব তুলে ধরা হয়েছে।
জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধি অনুযায়ী গত ১৪ জুলাই এই সংক্রান্ত একটি নোটিশ সংসদে জমা দিয়েছেন তিনি।প্রস্তাবনায় ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, গত ১২ জুলাই ইন্তিকাল করেছেন শেখ হামাদ বিন খলিফা আল থানি। তাঁর শাসনামলে কাতার বিশ্বমঞ্চে একটি আধুনিক ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, এলএনজি সরবরাহ এবং বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান তৈরিতে তাঁর ভূমিকা অসামান্য।
এই অবদান ও দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বীকৃতিস্বরূপ রাজধানীর কাতার দূতাবাস সংলগ্ন সড়কটি ‘শেখ হামাদ বিন খলিফা আল থানি সড়ক’ নামে নামকরণের দাবি জানিয়েছেন তিনি।সংসদীয় কার্যপ্রণালীর নিয়ম মেনে এই নোটিশটি জমা দেওয়া হয়েছে এবং যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি রাষ্ট্রীয়ভাবে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন