রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছেন জুলাইযোদ্ধারা: ডা. শফিকুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩০, ২০২৬, ০৭:৪০ পিএম

ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছেন জুলাইযোদ্ধারা: ডা. শফিকুর রহমান

জুলাই অভ্যুত্থানের যোদ্ধারা কেবল ক্ষমতার রদবদল চাননি, বরং তারা চেয়েছিলেন রাষ্ট্রের সামগ্রিক কাঠামোর মৌলিক পরিবর্তন। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলরুমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্র সংস্কারের দাবি থেকে একচুলও পিছিয়ে যাবে না দলীয় অবস্থান।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের মূল চেতনা ছিল রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের মাধ্যমে একটি বৈষম্যহীন এবং ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা। এই চেতনায় শুরু থেকেই আপসহীন ভূমিকা রেখে আসছে জামায়াতে ইসলামী। তিনি অভিযোগ করেন, বিপ্লব পরবর্তী সময়েও রাষ্ট্রে নির্লজ্জভাবে দলীয়করণ চলছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় রূপ দেওয়া হচ্ছে।

পতিত ফ্যাসিবাদী সরকারের পথ অনুসরণ করলে বর্তমান সরকারকেও একই পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন তিনি।অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের তরুণ ও শিশুরা ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দিয়ে যে ইতিহাস তৈরি করেছে, সেই শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দলীয় অবস্থান সর্বদা অনড় থাকবে।

শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম বলেন, গণহত্যার বিচার এক বছরের মধ্যে সম্পন্ন করার আশ্বাস পাওয়া গেলেও ট্রাইব্যুনালে লোকবল ও বেঞ্চের সংকটের কারণে বিচারিক কার্যক্রম ধীরগতিতে চলছে। দ্রুত বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানোর দাবি জানান তিনি। রাষ্ট্রচিন্তক দিলারা চৌধুরী বলেন, দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে প্রথম পদক্ষেপ হিসেবে জুলাইয়ের চেতনাকে পুরোপুরি ধারণ করতে হবে।

আহত জুলাইযোদ্ধা ও বাংলাদেশ জুলাইযোদ্ধা সংসদের সভাপতি নেছার উদ্দিন নাঈম ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার যদি যথাযথভাবে গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের কাজ সম্পন্ন না করে, তবে জনগণের দাবির মুখে কঠোর পরিণতি হতে পারে। দুই চোখ হারানো যোদ্ধা মো. রাকিব চিকিৎসার ক্ষেত্রে নানা ধরনের বৈষম্যের শিকার হওয়ার কথা তুলে ধরেন।

ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোড় নজরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ শহীদ পরিবারের সদস্য ও বিশিষ্ট নাগরিকরা।