আগস্ট ৫, ২০২৬, ১২:২৩ পিএম
জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করে সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দীকা বলেছেন যে যেকোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন করা বর্তমান সময়ের প্রধান অঙ্গীকার হওয়া উচিত। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কথা জানান।
ছাত্র-জনতার দীর্ঘ লড়াই ও আত্মত্যাগের মাধ্যমেই দেশের মানুষের মৌলিক অধিকার অর্জিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।বিবৃতিতে তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।তিনি বলেন যে দুই বছর আগে দেশের অসংখ্য ছাত্র-জনতা ন্যায়বিচার, গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, তা রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব।
শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা নিশ্চিত করতে একটি জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি। পাশাপাশি গণরায় বাস্তবায়নে সরকারের কিছু ক্ষেত্রে ধীরগতির বিষয়ে হতাশা প্রকাশ করে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন।বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে পারস্পরিক সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ গঠনের আহ্বান জানান এই সংসদ সদস্য।সবশেষে তিনি সংকীর্ণতা ভুলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন