আগস্ট ২০, ২০২৬, ১২:৩৮ এএম
আসন্ন ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।
সভায় বক্তারা দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও জনদুর্ভোগ নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় চরম নাভিশ্বাস উঠেছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের এসব মৌলিক সমস্যা সমাধানের পরিবর্তে নানা ধরনের অজুহাত দেখাচ্ছে এবং ব্যর্থতা ঢাকতে চেষ্টা করছে। সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ সংকট নিয়ে যেসব যুক্তি দেওয়া হচ্ছে, তা জনগণের সঙ্গে তামাশা করার শামিল বলে মন্তব্য করেন তিনি।
আগামী পাঁচ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ব্যানারে ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।গণভোটের রায় বাস্তবায়ন এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের দাবি আদায় না হলে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতারা। সভায় মহানগরী দক্ষিণের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং লংমার্চ সফল করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন