বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন‍‍`: আসিফ মাহমুদ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৯:০২ পিএম

কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন‍‍`: আসিফ মাহমুদ

অর্থপাচার অভিযোগ ও আর্থিক অনিয়মের অনুসন্ধান শুরুর খবরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে রাজনৈতিক ব্যবহারের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকাকালে তাঁর বিরুদ্ধে প্রায় ১৩ হাজার কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ জমা পড়েছে সংস্থায়। এর মধ্যে সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের প্রাথমিক তথ্য পাওয়ার কথা উল্লেখ করে অনুসন্ধানে নেমেছে দুদক। বাকি অনিয়ম সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ, বিভিন্ন পদে পদায়ন, সরকারি প্রকল্প ও টেন্ডারসংক্রান্ত লেনদেনের সাথে জড়িত বলে জানা গেছে।

অভিযোগ ওঠার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখান তিনি। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তায় আসিফ মাহমুদ লেখেন, অনুসন্ধানে বিদেশে কোনো অর্থের খোঁজ পেলে তাঁকে যেন কেবল ১০ শতাংশ দেওয়া হয়, কারণ তাঁর চলতে কষ্ট হচ্ছে। পরবর্তীতে বিকেলে রাজধানীর বাংলামোটরে এক জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি অভিযোগের প্রতিটি দিক নিয়ে কথা বলেন। 

বিদেশে অর্থপাচারের সংখ্যার বিভ্রান্তি তুলে ধরে তিনি উল্লেখ করেন, একই বিষয়ে কখনো এক লাখ ২০ হাজার কোটি, কখনো ১১ হাজার কোটি, আবার কখনো দুই কোটি ৭৬ লাখ টাকার কথা বলা হচ্ছে। এই ধরনের অসংলগ্ন তথ্যের বিষয়ে সরকারের নীতিনির্ধারকদের নিজেদের মধ্যে আগে একক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

দুদকের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে এনসিপি মুখপাত্র বলেন, সংস্থাটির প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার না হওয়ায় এটি এখনো অতীতের মতোই বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। সংস্কারসংক্রান্ত অধ্যাদেশ বাতিল হওয়ার পর থেকেই এই পরিস্থিতির পূর্বাভাস পাওয়া গিয়েছিল বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ এনে আসিফ মাহমুদ জানান, নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

তিনি দাবি করেন, এর আগে বিএনপির সময় সংঘটিত একটি পদোন্নতির ঘটনাকে অজুহাত বানিয়ে তাঁর বিরুদ্ধে অনুসন্ধানের চেষ্টা করা হয়েছিল, যা তিনি পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রমাণসহ তুলে ধরেছেন। সেই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন নতুন করে বিপুল অঙ্কের অর্থপাচারের ভুয়া বয়ান তৈরি করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। অতীতে আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত হাজার হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতির বিরুদ্ধে সংস্থাটি কার্যত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি বলেও তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে এমন আরও নতুন অভিযোগ সামনে আনা হতে পারে আশঙ্কা প্রকাশ করে তিনি জানান, যেকোনো ধরনের পরিস্থিতি ও আইনি লড়াইয়ের জন্য তাঁর দল সাংগঠনিকভাবে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।