সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১০:০৫ পিএম
গত সাত মাসে দেশে মানুষের অভূতপূর্ব বাকস্বাধীনতা ও নাগরিক মানবাধিকার নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত `গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা` শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
রাষ্ট্র পরিচালনায় কোথাও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো নির্যাতন চালানো হয়নি। আলোচনা সভায় মাহ্দী আমিন বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ পরবর্তী পুঞ্জীভূত জঞ্জাল একবারে রাতারাতি মূলোৎপাটন করা অত্যন্ত দুরূহ এক কাজ। তবে বর্তমান বাস্তবতা হচ্ছে, বিগত সাত মাসে দেশে কোথাও রাষ্ট্রীয় মদদে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। এই সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো ব্যক্তি গুমের শিকার হননি এবং কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডও সংঘটিত হয়নি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে বা শারীরিক নির্যাতনের মাধ্যমে মৃত্যুর কোনো অভিযোগ ওঠেনি বলে তিনি দাবি করেন।
রাজনৈতিক পরিসরে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকার বার্তা দিয়ে তিনি জানান, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে বিরোধী দলের ভিন্ন মত, পথ, আদর্শ কিংবা রাজনৈতিক মূল্যবোধকে হরণ করা হয়নি। গণতান্ত্রিক চর্চা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমেই সরকার একটি কার্যকর শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় সচেষ্ট রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন