বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ধ্বংসপ্রাপ্ত খাত পুনর্গঠনে বিএনপি সক্ষম: তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১১, ২০২৫, ০৮:১২ পিএম

ধ্বংসপ্রাপ্ত খাত পুনর্গঠনে বিএনপি সক্ষম: তারেক রহমান

ছবি- সংগৃহীত

বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক খাতগুলোর পুনর্গঠন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের অবস্থান তুলে ধরছে। এ পরিস্থিতিতে ক্ষমতার বাইরে থাকা প্রধান রাজনৈতিক দল বিএনপি তাদের রাজনৈতিক কর্মসূচি জোরদার করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বিভিন্ন জেলা সম্মেলনে যোগ দিয়ে দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে কথা বলছেন। সম্প্রতি তিনি নওগাঁ জেলা বিএনপির সম্মেলনে যোগ দিয়ে দেশের বিভিন্ন খাত পুনর্গঠনের বিষয়ে তার দলের সক্ষমতার কথা তুলে ধরেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘স্বৈরাচার পালিয়ে গেলেও সরকারি প্রতিটি সেক্টর ধ্বংস করে রেখে গেছে। দেশ পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকায় এই অবস্থা থেকে উত্তরণে সক্ষম হবে বিএনপি।’

সোমবার (১১ আগস্ট) নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, ‘আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে সামনে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’ তিনি বলেন, ‘দেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করে। তারা জানে, বিএনপি জনগণের ক্ষতি করে না। সেই ভরসা ধরে রাখার দায়িত্ব দলের নেতাকর্মীদের।’

দীর্ঘ প্রায় দেড় দশক পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে দলটির তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সম্মেলনকে কেন্দ্র করে শহরের বিভিন্ন রাস্তাঘাট ব্যানার, ফেস্টুন, তোরণ আর বিলবোর্ড দিয়ে সাজানো হয়।

এর আগে রবিবার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, ‘পদ্মাসহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি। ক্ষমতায় এসে দেশ-বিদেশে দক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার আলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। তাদের মনে আস্থা সৃষ্টি করতে হবে। তাদের নিয়েই আমাদের কাজ করতে হবে।’

তারেক রহমান বলেন, ‘বিগত সরকার গুম, খুন, হত্যার রাজনীতি করেছে। স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফিরিয়ে আনা। স্বৈরাচার এদেশের অর্থনীতি, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। তা আবার পুনর্গঠন করবে বিএনপি। সে লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছি আমরা।’