অক্টোবর ২৪, ২০২৫, ১০:৩০ পিএম
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল জেলা প্রশাসক (ডিসি) ভাগাভাগি করছে এবং এই কাজে অন্তর্বর্তী সরকার সহায়তা করছে। তিনি এটিকে আসন্ন নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর একটি চেষ্টা হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার এক সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব বিস্ফোরক মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বর্তমান নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করে বলেন, নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক আচরণ করছে। তিনি অভিযোগ করেন, দুটি নির্দিষ্ট দল প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নিচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে দেশের জনগণ তা মেনে নেবে না। তিনি আরও বলেন, ‘আরেকজন ক্যান্টনমেন্টে বসে ষড়যন্ত্র করছেন। তিনি অভিযুক্ত সেনা কর্মকর্তাদের রক্ষায় ব্রিগেডিয়ার (অব.) আযমীর হাতে ধরে অনুরোধ করছেন।
আবার ষড়যন্ত্র হলে আমরা বসে থাকবো না। আমাদের ওপর ট্যাঙ্ক চালিয়ে দমানো যাবে না।’এনসিপির এই নেতা নির্বাচনে কারচুপির পাঁয়তারার সুনির্দিষ্ট অভিযোগ তুলে বলেন, ‘একটি দল ব্যাংক ও তাদের নিজস্ব প্রতিষ্ঠানের কর্মীদের পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার পাঁয়তারা করছে। অন্যদিকে আরেকটি দল স্কুল কমিটি দখল করে শিক্ষকদের নিজেদের দলের পক্ষে কাজে লাগানোর চেষ্টা করছে।’
তিনি দলের নেতাকর্মীদের কোনো ধরনের প্রশাসনিক সহায়তার আশা না করে নিজেদের পকেটের টাকা খরচ করে রাজনীতি করার পরামর্শ দেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ক্ষমতায় না আসতে পারলেও বৈষম্যের বিরুদ্ধে তাদের লড়াই এবং দলীয় কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি দলে অনুপ্রবেশকারী গুপ্তচরদের বিষয়েও নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন