রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার : মির্জা ফখরুল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ০২:৪৭ পিএম

বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, দেশের বর্তমান রাজনৈতিক সংকটের জন্য অন্তর্বর্তী সরকার এবং তাদের গঠিত ঐকমত্য কমিশনই দায়ী। তিনি বলেন, স্বাক্ষরিত ‘জুলাই সনদ’ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে এবং 'নোট অব ডিসেন্ট' (ভিন্নমত) না রেখেই জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি-আ স ম রব) আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল জানান, ঐকমত্য কমিশনের কয়েকটি বিষয়ে বিএনপি একমত হতে পারেনি। তিনি বলেন, ‘আমরা নির্বাচনে অংশ নেব এবং আমাদের ইশতেহারে এসব বিষয় (ভিন্নমত) অন্তর্ভুক্ত করব। জনগণ যদি আমাদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয়, তবে আমরা সেই বিষয়গুলো পুনরায় সামনে নিয়ে আসব এবং সংসদে পাস করিয়ে দেশের পরিবর্তন ঘটাব।’

বিএনপি মহাসচিব আরও অভিযোগ করেন, একটি মহল জাতীয় নির্বাচন বানচাল করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। তিনি নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন এবং মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে এ নিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানান।

আলোচনাসভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।