মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

রাজনীতিতে তরুণদের যুক্ত করা নিয়ে যা বললেন তাসনিম জারা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৫, ০৮:৩৭ পিএম

রাজনীতিতে তরুণদের যুক্ত করা নিয়ে যা বললেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, তরুণরা যাতে একটি সুস্থ ও সুন্দর পরিবেশে রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়াটা আমাদের দায়িত্ব। তিনি রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে ভোটাধিকারের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছরে নামিয়ে আনার প্রস্তাব দেন।শনিবার (০১ নভেম্বর) সকালে সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজের (সিজিএস) উদ্যোগে 'রাজনীতিকদের মধ্যে মতাদর্শভিত্তিক সংলাপ এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা' শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জারা বলেন, ভোটাধিকারের বয়স কমানোর প্রস্তাব বাস্তবায়নে কিছু কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। তা না হলে, ‘সেটা শুধু বলার মধ্যেই থেকে যাবে, বাস্তবায়ন আর হবে না।’ তিনি উল্লেখ করেন, বিশ্বের বেশ কয়েকটি দেশে ইতোমধ্যে ১৬ বছর বয়সে ভোট দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, নারীরা যারা গণ-অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এবং রাজনীতিতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তিনি জানান, ‘আমরা প্রস্তাব দিয়েছিলাম (সংসদে) সংরক্ষিত আসন ৫০ থেকে ১০০তে উন্নীত করার।’দেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে তাসনিম জারা বলেন, ‘রাজনীতিতে যে পেশিশক্তি চলছিল, সেই রাজনীতি আর চলবে না। রাজনীতি এখন বদলে গেছে।’

তবে তিনি জুলাই সনদের সুপারিশ নিয়ে সমালোচনা করে বলেন, ‘জুলাই সনদের সুপারিশে স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন কে বাস্তবায়ন করবে তার কোনো উল্লেখ নেই।’ তিনি দাবি আদায়ের বর্তমান সংস্কৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাস্তায় নামা ছাড়া কিছুই বাস্তবায়ন করা যায় না। আন্দোলন আর অনশন দাবি আদায়ের একমাত্র উপায়। যেটা পরিবর্তন দরকার।’