নভেম্বর ১, ২০২৫, ১০:১৬ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের কাছে ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। তিনি দাবি করেন, তারেক রহমান দেশে অনুপস্থিত থাকলেও সংগঠনগুলোকে সফলভাবে সুসংগঠিত করেছেন এবং কোটি কোটি জনতা এখন তার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
শনিবার (০১ নভেম্বর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সমাবেশেই এম এ মালিক নেতাকর্মীদের উদ্দেশে একটি বড় ঘোষণা দেন। তিনি বলেন, 'ইনশাআল্লাহ নভেম্বরের শেষদিকেই দেশে ফিরবেন তিনি (তারেক রহমান)।'
এম এ মালিক আরও বলেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ—এই তিন উপজেলার মানুষ আজ দলমত নির্বিশেষে এখানে একত্রিত হয়েছেন। তারা চান, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তাকে (এম এ মালিক) যেন ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এজন্য তিনি নেতাকর্মীদের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন জানাচ্ছেন।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচিত গণভোটের ধারণাকে নাকচ করে দেন। এম এ মালিক বলেন, 'নির্বাচনের আগে গণভোটের কোনো বাস্তব সুযোগ নেই। একদিনেই (অবাধ ও সুষ্ঠু) নির্বাচন হলে দেশের জনগণের ভোগান্তি কমবে, এটাই আমাদের অবস্থান।'
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আলাউদ্দিন রিপন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকবুল মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম পাপলু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন