মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

চুপ্পু সনদে স্বাক্ষর করলে সংস্কারের কফিনে পেরেক মারা হবে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ০২:১৪ পিএম

চুপ্পু সনদে স্বাক্ষর করলে সংস্কারের কফিনে পেরেক মারা হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অবশ্যই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু যদি এই সনদে স্বাক্ষর করেন, তবে তা হবে সংস্কারের কফিনে পেরেক মারার শামিল।রোববার (০২ নভেম্বর) দুপুরে রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণভোট জাতীয় নির্বাচনের আগে না পরে হবে, সেটা প্রধান সংকট নয়। মূল সংকট হলো আদেশের আইনি ভিত্তি নিয়ে। জুলাই সনদ অবশ্যই ড. ইউনূসকে জারি করতে হবে। রাষ্ট্রপতি চুপ্পু এতে স্বাক্ষর করলে সেই আদেশ বৈধ বা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলেন, একদল (বিএনপিকে ইঙ্গিত করে) সংস্কারকে ভেস্তে দিতে চাইছে, আরেক দল (জামায়াতকে ইঙ্গিত করে) নির্বাচন পেছাতে চায়। এনসিপি মনে করে, জুলাই সনদের আইনি ভিত্তি রচিত হলে গণভোট নির্বাচনের দিনে হলেও কোনো সমস্যা নেই।

ঐকমত্য কমিশনের সুপারিশ প্রসঙ্গে তিনি বলেন, সরকার একটি দলের চাপে বারবার সনদের টেক্সট পরিবর্তন করেছে। বাস্তবায়ন আদেশের প্রথম খসড়ায় (প্রস্তাব-১) যেভাবে ২৭০ দিন পর সংস্কার প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার বিধান ছিল, এনসিপি সেটিকে সমর্থন করে। এর কোনো ব্যত্যয় ঘটলে বা খসড়ায় পরিবর্তন আনা হলে এনসিপি সেই আদেশ সমর্থন করবে কি না, তা পুনর্বিবেচনা করতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমানকে ফ্যাসিবাদের আইকন হিসেবে ব্যবহার করা হয়েছে। তার ছবি ব্যবহারের বাধ্যবাধকতা সংবিধানে কোনোভাবেই থাকতে পারে না।জোট গঠন নিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, সংস্কারের পক্ষে যদি কেউ না থাকে, তাদের সঙ্গে জোটে যাওয়া সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকারও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, নতুন দল হিসেবে এনসিপিকে সহযোগিতার পরিবর্তে নির্বাচন কমিশন পদে পদে বাধা তৈরি করছে। তিনি বলেন, ‘শাপলা কলির যে সিদ্ধান্ত, সেটি তারা এক মাস আগেও দিতে পারতো। আমরা শাপলাই চাই।’ তিনি অভিযোগ করেন, ইসি স্বেচ্ছাচারিতা করছে।