মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপির ৯ দিনের কর্মসূচি ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ০২:৩২ পিএম

বিএনপির ৯ দিনের কর্মসূচি ঘোষণা

আসন্ন ৭ নভেম্বর ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ৯ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (০২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, ‘৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই দিনে সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান ও পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত হন। সিপাহি-জনতা জিয়াউর রহমানকে মুক্ত করে নিয়ে আসেন। এই দিনটি আমাদের কাছে, তথা জাতির কাছে খুবই গুরুত্বপূর্ণ। দিবসটির ৫০ বছর পূর্তি এবার আমরা পালন করতে যাচ্ছি।’

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৭ নভেম্বর দেশব্যাপী দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ঢাকা মহানগরসহ সারা দেশে র‍্যালি এবং আলোচনা সভা।

বিএনপির ৯ দিনের কর্মসূচির বিস্তারিত ৭ নভেম্বর (শুক্রবার): দিবসটি উপলক্ষে ঐ দিন সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে।৭ নভেম্বর (শুক্রবার): সকাল ১০ টায় দলের জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা মিরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।

৭ নভেম্বর (শুক্রবার): দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বেলা ৩টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে। একই দিন সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির উদ্যোগে র‍্যালি অনুষ্ঠিত হবে।১২ নভেম্বর (বুধবার): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

৬ - ১৩ নভেম্বর: দিবসটির তাৎপর্য তুলে ধরে ডকুমেন্টারি (ভিডিও, স্থিরচিত্র) ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়াসহ ফেসবুক, ইউটিউব ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ ও প্রচার করা হবে।পোস্টার ও ক্রোড়পত্র: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দিবসটি উপলক্ষে স্ব স্ব উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করবে। এর মধ্যে রয়েছে:

  • শ্রমিক দল: ৫ নভেম্বর আলোচনা সভা।

  • ছাত্রদল: ৮ নভেম্বর আলোচনা সভা (পাশাপাশি ৭ ও ৮ নভেম্বর টিএসসিতে আলোকচিত্র প্রদর্শনী)।

  • ওলামা দল: ৯ নভেম্বর এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

  • তাঁতি দল: ১০ নভেম্বর আলোচনা সভা।

  • কৃষক দল: ১১ নভেম্বর আলোচনা সভা।

  • জাসাস: ১৩ নভেম্বর সন্ধ্যায় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান।