রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপির মনোনয়ন পেলেন ফজলুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ০৬:৪৯ পিএম

বিএনপির মনোনয়ন পেলেন ফজলুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।

এই তালিকায় কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।ফজলুর রহমানকে মনোনয়ন দেওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বেশ কৌতূহলের জন্ম দিয়েছে।

কারণ, গত ২৬ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফজলুর রহমানের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব ধরনের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছিল। সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনীত করা হলো।

অ্যাডভোকেট মো. ফজলুর রহমান ২০০৭ সালের দিকে বিএনপিতে যোগদান করেন এবং প্রায় আট বছর কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে দুবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। সে সময় তার প্রতিপক্ষ তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদের রোষানলে পড়ে তিনি রাষ্ট্রদ্রোহিতা মামলার আসামি হন এবং দীর্ঘ দিন দেশের বাইরে থাকতে বাধ্য হন বলে দলীয় সূত্রে জানা যায়।

এদিকে, ঘোষিত প্রার্থী তালিকায় বিএনপির শীর্ষ নেতাদের আসনও নিশ্চিত করা হয়েছে। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুটি আসন—বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীরবিক্রম ভোলা-৩ আসনে দলের মনোনয়ন পেয়েছেন।