রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

মালয়েশিয়ায় প্রবাসীদের জেলা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কুমিল্লা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২, ২০২৬, ০৪:৩৮ পিএম

মালয়েশিয়ায় প্রবাসীদের জেলা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কুমিল্লা

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীদের নিয়ে আয়োজিত ঐতিহ্যবাহী জেলা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লা জেলার প্রবাসী ক্রিকেট দল ‘কুমিল্লা ভিক্টোরিয়ানস’। পুরো টুর্নামেন্টজুড়ে অত্যন্ত দুর্দান্ত ও নান্দনিক পারফরম্যান্স প্রদর্শন করে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে নরসিংদী লায়নস। 

বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল একাডেমি-মালয়েশিয়া কর্তৃক আয়োজিত এই জমকালো ক্রিকেট আসরে বাংলাদেশের মোট ১২টি ঐতিহ্যবাহী জেলা দল অত্যন্ত প্রতিযোগিতামূলকভাবে প্রতিদ্বন্দ্বিতা করে।দূর পরবাসে প্রবাসীদের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে প্রতি বছরই এই আনন্দঘন ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়।

গ্রুপ পর্ব ও সেমিফাইনালের কঠিন বৈতরণী পার হয়ে বহু কাঙ্ক্ষিত মেগা ফাইনালে মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয় কুমিল্লা ও নরসিংদী জেলা দল। সোমবার দুপুরে পুত্রাজায়া লেকের দৃষ্টিনন্দন মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সবকটি উইকেট হারিয়ে ১১২ রানের একটি মাঝারি পুঁজি সংগ্রহ করে। 

জবাবে ১১৩ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নরসিংদী লায়ন্স নির্ধারিত ১০ ওভারে ৬টি উইকেট হারিয়ে মাত্র ৯২ রান তুলতে সক্ষম হয়।মাঠে উপস্থিত নরসিংদীর বিপুল সংখ্যক সমর্থককে চরমভাবে হতাশ করে ২০ রানের এক দুর্দান্ত জয়ে টানা দ্বিতীয়বারের মতো এই ট্রফি নিজেদের করে নেয় কুমিল্লা।মেগা ফাইনাল ম্যাচ শেষে আয়োজিত জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের মিনিস্টার মো. সিদ্দিকুর রহমান এবং বিশেষ অতিথি কাউন্সেলর মো. ফিরোজ রাব্বানী। 

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা বোলারের জোড়া বিশেষ পুরস্কার লাভ করেন নরসিংদীর তারকা জুনায়েদ তামিম এবং ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কুমিল্লার রায়হান। এছাড়া খুলনার বেলাল হোসেন সেরা ব্যাটসম্যান এবং নরসিংদীর জাহিদ হাসান সেরা উইকেটকিপারের ব্যক্তিগত পুরস্কার জয় করেন এবং টুর্নামেন্টের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিল প্রাণ মালয়েশিয়া।