রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বৌদ্ধ সম্প্রদায়ের তিন মাসব্যাপী বর্ষাবাস শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৯, ২০২৬, ০৩:৪৯ পিএম

বৌদ্ধ সম্প্রদায়ের তিন মাসব্যাপী বর্ষাবাস শুরু

Ai - ছবি

খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় বৌদ্ধ সম্প্রদায়ের তিন মাসব্যাপী বর্ষাবাস শুরু হয়েছে। আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে আজ বুধবার থেকে এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়। আত্মশুদ্ধি, ধ্যান, সাধনা ও আত্মসংযমের মাস হিসেবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই সময়টির গুরুত্ব অপরিসীম।আজ আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে জেলা সদরের য়ংড় বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বিহারে সমবেত প্রার্থনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান পালিত হচ্ছে। বিভিন্ন বয়সের নারী-পুরুষ বিহারগুলোতে সমবেত হয়ে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন।

বৌদ্ধ শাস্ত্রমতে, বর্ষাবাস পালনকালে ভিক্ষুরা নির্দিষ্ট কিছু কঠোর নিয়ম মেনে চলেন। এই তিন মাস তারা নিজ নিজ বৌদ্ধ বিহারের বাইরে অন্য কোনো বিহারে রাত্রিযাপন থেকে বিরত থাকেন এবং কঠোর সাধনায় নিমগ্ন থাকেন। শুধু ভিক্ষুরাই নন, বৌদ্ধ সম্প্রদায়ের সাধারণ নারী-পুরুষও এই তিন মাস নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ব্রত পালন করে থাকেন। তারা ভিক্ষুদের ধ্যান-সাধনার জন্য বর্ষাবাসের চীবর দানসহ বিভিন্ন পুণ্যকাজে অংশ নেন।

আজ সকাল থেকেই বিভিন্ন বৌদ্ধ বিহারে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বর্ষাবাসের চীবর দান এবং বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দেশ, জাতি ও সমগ্র মানবজাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।বৌদ্ধদের কাছে আষাঢ়ী পূর্ণিমার দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গৌতম বুদ্ধের জীবনের নানা গুরুত্বপূর্ণ স্মৃতি ও ঘটনার সঙ্গে এই দিনটি ওতপ্রোতভাবে জড়িত। প্রতিবছর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিন পার্বত্য জেলায় এই বর্ষাবাস পালিত হয়ে আসছে।