ডিসেম্বর ১৫, ২০২৫, ১০:৪৮ পিএম
বিগ ব্যাশ লিগে (বিবিএল) পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদির অভিষেক পরিণত হলো এক ‘হরর শো’-তে। মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ব্রিসবেন হিটের হয়ে খেলতে নেমে তিনি মাত্র ২.৪ ওভার বোলিং করে ৪৩ রান খরচ করে উইকেটশূন্য থাকেন।
তাঁর এই ব্যর্থতার মূল কারণ হলো, ম্যাচের মাঝপথে দুটি বিমার (কোমরের ওপর ফুলটস) ছোড়ার জন্য তাঁকে বোলিং আক্রমণ থেকে সরিয়ে নিতে বাধ্য হন আম্পায়াররা।
ঘটনাটি ঘটে রেনেগেডস ইনিংসের ১৮তম ওভারে। ওভারের তৃতীয় বলে শাহীনের ছোড়া কোমরসমান ফুলটসটি সরাসরি 'বিমার' হিসেবে চিহ্নিত হয়।
পঞ্চম বৈধ বল ছোড়ার ঠিক আগে শাহীন আবারও আরেকটি কোমরসমান ফুলটস ছুড়ে বসেন। পরপর দুটি বিমারের পর সঙ্গে সঙ্গে ক্ষমা চান শাহীন। কিন্তু অন-ফিল্ড আম্পায়ার ব্রিসবেন হিট অধিনায়ক নাথান ম্যাকসুইনির সঙ্গে আলোচনা করে তাঁকে বোলিং আক্রমণ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। বাকি দুটি বল শেষ করেন স্বয়ং অধিনায়ক ম্যাকসুইনি।শাহীনের এই ব্যর্থতাই রেনেগেডসকে বড় সংগ্রহ গড়ার পথ করে দেয়, যারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১২ রান তোলে।
বিবিএল অভিষেকে শুরু থেকেই চাপে ছিলেন শাহীন। প্রথম ওভারে তিনি ৯ রান হজম করেন এবং ১৩তম ওভারে ফিরে এসে একটি ছক্কা ও দুটি চারে ১৯ রান দেন।একই ম্যাচে শাহীন মুখোমুখি হন নিজের জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ রিজওয়ানেরও, যিনি ব্যাট হাতে ব্যর্থ হন; ১০ বলে মাত্র ৪ রান করে প্যাট্রিক ডুলির শিকার হন।
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের ওয়ানডে দলের নেতৃত্বের দায়িত্ব পাওয়া শাহীন আফ্রিদির জন্য এই ম্যাচটি নিঃসন্দেহে ভুলে যাওয়ার মতো। পাকিস্তানি তারকাদের জন্য দিনটি মোটেও সুখকর ছিল না, কারণ এর আগের দিন সিডনি সিক্সার্সের হয়ে অভিষেকে বাবর আজমও মাত্র ২ রান করে ব্যর্থ হন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন