বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

বিসিবির নতুন নির্বাচক প্যানেল ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৩, ২০২৬, ০৭:৫৩ পিএম

বিসিবির নতুন নির্বাচক প্যানেল ঘোষণা

বিসিবির নতুন নির্বাচক প্যানেল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে। সাবেক সফল অধিনায়ক ও অভিজ্ঞ নির্বাচক হাবিবুল বাশার সুমনকে এই প্যানেলের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ৫৩ বছর বয়সী বাশার ইতিপূর্বে জাতীয় পুরুষ ও নারী দলের নির্বাচক হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন। 

ক্রিকেটার হিসেবে টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করা এই তারকা ব্যাটসম্যানের ওপরই ২০২৭ সালের আইসিসি বিশ্বকাপ পর্যন্ত দল নির্বাচনের মূল দায়িত্ব অর্পণ করেছে বোর্ড।

নতুন এই প্যানেলে বাশারের সঙ্গে সদস্য হিসেবে থাকছেন সাবেক পেসার হাসিবুল হোসেন। তিনি ইতিপূর্বে গাজী আশরাফ হোসেনের অধীনে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এই দায়িত্ব পালন করে আসছিলেন। প্যানেলের বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন দেশের ঘরোয়া ক্রিকেটের দুই অভিজ্ঞ মুখ নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। 

৩৯ বছর বয়সী নাঈম ইসলাম তার ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ২০ হাজারেরও বেশি রান করেছেন। বিশেষ করে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৩৪টি সেঞ্চুরির অনন্য রেকর্ডের অধিকারী তিনি। অন্যদিকে ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন নাদিফ চৌধুরীও নির্বাচক হিসেবে তার নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন।বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে এই নতুন নির্বাচক প্যানেলের মেয়াদকাল থাকবে ২০২৭ সালে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা করা পর্যন্ত। 

অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে গঠিত এই প্যানেল দেশের ক্রিকেটে মেধা ও যোগ্যতার ভিত্তিতে খেলোয়াড় বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে বোর্ড। বিশেষ করে নাঈম ও নাদিফের মতো যারা দীর্ঘ সময় ঘরোয়া ক্রিকেট খেলেছেন তাদের অন্তর্ভুক্তিতে মাঠের পারফরম্যান্স মূল্যায়ন আরও নিখুঁত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সোমবার থেকেই এই নতুন প্যানেল তাদের দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে।