মার্চ ২৩, ২০২৬, ০৯:০০ পিএম
বাংলাদেশি ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশগ্রহণের বিষয়ে যাবতীয় অনিশ্চয়তা কেটে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে মোস্তাফিজুর রহমানসহ ছয়জন ক্রিকেটারকে এই টুর্নামেন্টে খেলার জন্য অনাপত্তিপত্র বা এনওসি দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও সরকারের উচ্চপর্যায়ের সবুজ সংকেত পাওয়ার পর বোর্ড এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিশেষ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ক্রিকেটারদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ মিশনের পক্ষ থেকে নিরাপত্তাঝুঁকি নেই এমন আশ্বাসের পরই ক্রিকেটাররা পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ইতিমধ্যে তরুণ পেসার নাহিদ রানা সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামের সঙ্গে বিমানে যাত্রার একটি ছবি শেয়ার করেছেন।
এবারের পিএসএলে বাংলাদেশের মোট ছয়জন ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নামবেন। এদের মধ্যে মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। এ ছাড়া শরীফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। লেগ স্পিনার রিশাদ হোসেন মাঠ মাতাবেন রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে।আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট চলবে ৩ মে পর্যন্ত।
জাতীয় দলের বাকি সদস্যরা যখন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন তখন এই ছয় ক্রিকেটার পাকিস্তানের কন্ডিশনে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকটের কারণে এবারের পিএসএলে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে এবারের আসরের ম্যাচগুলো কেবল দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবং গ্যালারিতে কোনো দর্শক প্রবেশের অনুমতি থাকবে না। প্রতিকূল এই পরিস্থিতির মধ্যেই বিসিবির অনুমতি পেয়ে ক্রিকেটাররা এখন মাঠে নামার অপেক্ষায় রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন