মে ৩, ২০২৬, ০৯:৪৭ পিএম
দেড় মাস সময় পার হওয়ার পর এবার দেশের ক্রিকেট বোর্ড নির্বাচন ঘিরে গুরুত্বপূর্ণ বার্তা দিতে যাচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। সোমবার (৪ মে) অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত বোর্ড সভার মাধ্যমে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বিসিবি সূত্র জানিয়েছে, চলতি মাসের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার একটি জোরালো উদ্যোগ নিতে পারেন তামিম ইকবালরা। দায়িত্ব নেওয়ার পর এটি তাঁদের তৃতীয় বোর্ড সভা হলেও এবার আলোচ্যসূচিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নির্বাচনের রূপরেখা।
এই সভা থেকেই একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হতে পারে। এ ছাড়া নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করা হচ্ছে।সভাটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ড রুমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের পাশাপাশি মাঠের ক্রিকেট নিয়েও পর্যালোচনার প্রস্তুতি রয়েছে কমিটির।
সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে বিশদ আলোচনা হবে এই সভায়। সিরিজে দলের প্রাপ্তি এবং অপ্রাপ্তির একটি মূল্যায়ন রিপোর্ট সেখানে উপস্থাপন করা হতে পারে।এ ছাড়াও বাংলাদেশ দলের আসন্ন পাকিস্তান সফর এবং টেস্ট সিরিজ নিয়ে বিশেষ আলোচনা হবে।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এটি নিয়ে বিশেষ পরিকল্পনা চূড়ান্ত করা হতে পারে।সব মিলিয়ে আগামীকালের এই বোর্ড সভা কেবল নির্বাচন নয়, বরং দেশের ক্রিকেটের সামগ্রিক ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রশাসনিক পরিবর্তনের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন, এই সভার পর দেশের ক্রিকেটে একটি স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন