মে ৬, ২০২৬, ০৯:৪৮ পিএম
আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপের ১০৪টি ম্যাচ দেখার বিনিময়ে ৫০ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকা পারিশ্রমিক দেওয়ার ঘোষণা দিয়েছে ফক্স স্পোর্টস ও অনলাইন প্ল্যাটফর্ম ‘ইনডিড’। প্রচারণামূলক এই বিশেষ পদে নিয়োগ পাবেন মাত্র একজন ফুটবলপ্রেমী।
প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশেষভাবে নির্মিত একটি স্বচ্ছ কাঁচের কিউবে বসে প্রতিটি ম্যাচ সরাসরি উপভোগ করতে হবে। ফক্স ওয়ান প্ল্যাটফর্মে বিশ্বকাপের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্তের সাক্ষী হতে হবে তাকে।
কাজের অংশ হিসেবে ওই ব্যক্তিকে খেলা দেখার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভিডিও এবং কন্টেন্ট তৈরি করে প্রচার করতে হবে। এর মাধ্যমে টাইমস স্কয়ার দিয়ে যাতায়াতকারী পর্যটক ও পথচারীদের মাঝে বিশ্বকাপের আবহ তৈরি করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
আগ্রহী প্রার্থীদের চাকরি খোঁজার প্ল্যাটফর্ম ‘ইনডিড’-এর মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে হবে। আগামী ৬ জুন একটি বেসবল ম্যাচ চলাকালীন চূড়ান্ত বিজয়ী বা নির্বাচিত ব্যক্তির নাম ঘোষণা করা হবে। প্রতিষ্ঠান দুটি এই সুযোগকে ‘এই মৌসুমের সেরা চাকরি’ হিসেবে অভিহিত করেছে।
উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নিতে যাচ্ছে। আসরটি বড় হওয়ায় ম্যাচের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১০৪টিতে, যার প্রতিটিই দেখার দায়িত্ব পাবেন মনোনীত ওই ব্যক্তি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন