বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্বকাপের উদ্বোধনীতে শাকিরার গানসহ নানা চমক

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১০, ২০২৬, ০৯:৪৭ পিএম

বিশ্বকাপের উদ্বোধনীতে শাকিরার গানসহ নানা চমক

কাউন্টডাউন শেষ। আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসব ২০২৬ বিশ্বকাপ। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে এবারের আসরটি ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে। ৩২ দলের বৃত্ত ভেঙে এবার লড়ছে ৪৮ দেশ। এই মহোৎসবের প্রথম উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে।

মূল ম্যাচের দেড় ঘণ্টা আগেই শুরু হবে উৎসব।ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, উদ্বোধনী মঞ্চে লাতিন সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন দেখা যাবে। সেখানে উন্মোচন করা হবে ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল মিউজিক অ্যালবাম। অনুষ্ঠানে আলেহান্দ্রো ফার্নান্দেজ, জে বালভিন, মানাসহ একঝাঁক আন্তর্জাতিক তারকার পারফর্ম করার কথা রয়েছে।

এবারের বিশ্বকাপের অন্যতম আকর্ষণ পপ সম্রাজ্ঞী শাকিরা। উদ্বোধনী অনুষ্ঠানে নাইজেরিয়ান তারকা বার্না বয়ের সঙ্গে তিনি লাইভ পরিবেশন করবেন বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’। এটি ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল গানে শাকিরার চতুর্থ অংশগ্রহণ। এর আগে ২০০৬, ২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপে গাওয়া তার গানগুলো ফুটবলপ্রেমীদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিল।

শুধু উদ্বোধনী নয়, আগামী ১৯ জুলাই ফাইনাল ম্যাচের হাফ-টাইম শো-তেও মূল আকর্ষণ হিসেবে থাকছেন শাকিরা। সেখানে তার সঙ্গে মঞ্চ শেয়ার করবে উগান্ডার বিখ্যাত শিশু নৃত্যদল ‘ট্রিপলেটস গেটো কিডস’। মেক্সিকোই প্রথম উদ্বোধনী পর্বের সূচনা করছে, বাকি দুই আয়োজক দেশ কানাডা ও যুক্তরাষ্ট্রে বিশেষ প্রদর্শনী হবে পরদিন।