জুন ১১, ২০২৬, ০৬:৫১ পিএম
বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় উৎসব ফিফা ফুটবল বিশ্বকাপের মহা সমারোহে পর্দা উঠছে আজ। এবারই প্রথম যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—এই তিন পরাক্রমশালী দেশের যৌথ আয়োজনে এক মহাকাব্যিক ও আধুনিক আবহে বিশ্ব আসরের বর্ণিল সূচনা হতে যাচ্ছে। ইতিহাসের অন্যতম বৃহৎ এই ক্রীড়া মহোৎসবকে বরণ করে নিতে তিনটি আয়োজক দেশেই ভিন্ন ভিন্ন রঙে সাজানো হয়েছে জমকালো উদ্বোধনী উৎসবের মূল মঞ্চ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, ইতিহাসের এই অভূতপূর্ব উদ্বোধনী আয়োজনে সুর ও নৃত্যের নতুন উন্মাদনা ছড়াতে বিশ্বমঞ্চ মাতাতে আসছেন ঝাঁক ঝাঁক সুপারস্টার।আজ মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে স্বাগতিক মেক্সিকো।বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি শুরু হওয়ার ঠিক ৯০ মিনিট আগে বাংলাদেশ সময় রাত ১১টায় মেক্সিকো সিটিতে শুরু হবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
ফুটবল ও ফিফা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে আদিবাসী শিল্পীদের পরিবেশনার পাশাপাশি মেক্সিকোর আধুনিক লোকজ সংস্কৃতির এক দুর্দান্ত ফিউশন ফুটিয়ে তোলা হবে। ১৬ বছর আগে `ওয়াকা ওয়াকা` গেয়ে বিশ্বজুড়ে ঝড় তোলা ল্যাটিন পপ কুইন শাকিরা মেক্সিকোর উদ্বোধনী মঞ্চে তার নতুন সাড়া জাগানো গান ‘দাই দাই’ পরিবেশন করবেন, যেখানে তার সঙ্গে ডুয়েট গাইবেন আফ্রোবিট তারকা বার্না বয়। মাত্র ১৬ থেকে ১৭ মিনিটের এই সংক্ষিপ্ত ও গতিশীল শো-তে আরও পারফর্ম করবেন জে বালভিন, টাইলা, ড্যানি ওশান ও লস অ্যাঞ্জেলেস আসুলেসের মতো বিশ্বখ্যাত পপ তারকারা।
অন্যদিকে, শুক্রবার রাতে কানাডার টরন্টো স্টেডিয়ামে স্বাগতিক কানাডা বনাম বসনিয়ার ম্যাচের আগে দ্বিতীয় দফার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। কানাডার গৌরবময় সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে সেই মঞ্চে সুরের জাদু ছড়াবেন বলিউডের আইটেম ড্যান্স কুইন নোরা ফাতেহি, মাইকেল বুবল, আলেসিয়া কারা এবং পপ গায়িকা অ্যালানিস মরিসেট। উৎসবের শেষ ধাপে শনিবার ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে প্যারাগুয়ে ম্যাচের আগে তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন মার্কিন পপ আইকন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা ও রেমার মতো তরুণ ক্রেজরা। বিশ্বখ্যাত ইভেন্ট প্রডিউসার মার্কো বালিচের নিখুঁত নির্দেশনায় তিন দেশের এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর মন জয় করবে বলে আশা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন