বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

ক্যাটি পেরি ও আনিতার সুরের মূর্ছনায় বিশ্বকাপ বরণ যুক্তরাষ্ট্রের

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৩, ২০২৬, ১০:০২ এএম

ক্যাটি পেরি ও আনিতার সুরের মূর্ছনায় বিশ্বকাপ বরণ যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপের উদ্বোধনী উৎসব

মেক্সিকো ও কানাডার পর এবার যুক্তরাষ্ট্রেও শেষ হলো ফুটবল বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন। লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়েই টুর্নামেন্টের তৃতীয় ও শেষ উদ্বোধনী পর্ব সম্পন্ন হয়। এই বর্ণিল আয়োজনের পরপরই মাঠে গড়ানোর অপেক্ষায় রয়েছে গ্রুপ পর্বের বহুল প্রতীক্ষিত ম্যাচ, যেখানে স্বাগতিক যুক্তরাষ্ট্র মুখোমুখি হচ্ছে লাতিন আমেরিকার দল প্যারাগুয়ের।১৯৯৪ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র।

এই ঐতিহাসিক আসরকে কেন্দ্র করে লস অ্যাঞ্জেলেসের আয়োজন ঘিরে শুরু থেকেই স্থানীয়দের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও আগ্রহ ছিল। আয়োজকরা একে কেবল একটি সাধারণ ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং ফুটবলের সঙ্গে সংস্কৃতির এক অনন্য মিলনমেলা হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। উদ্বোধনী মঞ্চের পারফরম্যান্সেও ছিল সেই বৈশ্বিক সাংস্কৃতিক বৈচিত্র্যের দারুণ প্রতিফলন।

অনুষ্ঠানে মঞ্চ মাতান মার্কিন পপ তারকা ক্যাটি পেরি, র‍্যাপ শিল্পী ফিউচার, ব্রাজিলের গায়িকা আনিতা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় শিল্পী লিসা। এর পাশাপাশি নাইজেরিয়ার আফ্রোবিট তারকা রেমা এবং দক্ষিণ আফ্রিকার সংগীতশিল্পী টাইলা বিশ্বজুড়ে কোটি দর্শকের সামনে তাদের সুরের জাদু পরিবেশন করেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, যুক্তরাষ্ট্রের বহুসাংস্কৃতিক পরিচয় ও অভিবাসী সমাজের বৈচিত্র্যকে সম্মান জানাতেই এই বিশ্বখ্যাত শিল্পীদের নির্বাচন করা হয়েছে।

উদ্বোধনী পর্বের জমকালো সমাপ্তির পর এখন সবার নজর যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যকার মাঠের তীব্র লড়াইয়ের দিকে। এর আগে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে প্যারাগুয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছিল মার্কিন দলটি। সেই জয়ের আত্মবিশ্বাসকে পুঁজি করেই ঘরের মাঠে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে তারা।

অন্যদিকে ২০১০ সালের পর এই প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া প্যারাগুয়ের জন্য ম্যাচটি অত্যন্ত মর্যাদার। কনমেবল অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করে আসা দলটি তাদের এই দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে মরিয়া। প্রায় এক শতাব্দী পর বিশ্বমঞ্চে এই দুই দলের ঐতিহাসিক দ্বৈরথ দেখতে মুখিয়ে আছেন বিশ্বজুড়ে কোটি ফুটবলপ্রেমী।