জুলাই ১১, ২০২৬, ১২:৫৪ এএম
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাকাউন্ট হ্যাকিংয়ের কবলে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে ৩-২ গোলে জয়ের পর এএফএর আনুষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে বিতর্কিত কিছু ইমেইল সাংবাদিকদের কাছে পাঠানো হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তদন্ত শুরু করেছে ফুটবল সংস্থাটি।বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।
বিশ্বকাপের নকআউট পর্বে মিশরের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়। তবে ওই ম্যাচ শেষে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন রেফারি ফ্রঁসোয়া লেতেক্সিয়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ফিফার কাছে নালিশ জানায়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা কায়ে`র তথ্যমতে, ম্যাচ শেষে এএফএর অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে পাঠানো ইমেইলে দাবি করা হয় যে, আর্জেন্টিনা জয়ী হয়নি বরং ফলাফলের পেছনে দুর্নীতিগ্রস্ত রেফারির সিদ্ধান্ত দায়ী ছিল। প্রতিবেদন অনুযায়ী, মিশরীয় বংশোদ্ভূত হ্যাকারদের একটি দল এই ইমেইল পাঠানোর পেছনে থাকতে পারে, যারা মিশরের পারফরম্যান্সের প্রশংসাও করেছিল।
এই ঘটনার প্রেক্ষিতে এএফএ একটি বিবৃতি প্রকাশ করে জানায়, তাদের প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক ইমেইল পাঠানো হয়েছে যা তাদের দলের মাধ্যমে অনুমোদিত ছিল না। সংস্থাটি জনসাধারণকে তাদের অ্যাকাউন্ট থেকে সম্প্রতি পাঠানো কোনো অস্বাভাবিক বার্তা, বিশেষ করে কোনো লিঙ্ক বা ব্যক্তিগত তথ্য চাওয়ার অনুরোধ দেখলে তা উপেক্ষা করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে যে তারা পরিস্থিতির সত্যতা উদঘাটনে কাজ করছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।
মিশরীয় দলের কোচ হোসেন হাসান ম্যাচের পর অভিযোগ করেছেন যে তার দল অন্যায়ের শিকার হয়েছে। তিনি দাবি করেন, বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিযোগিতায় টিকিয়ে রাখার জন্য হয়তো চাপ ছিল। এই ম্যাচ জয়ের মাধ্যমে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলার যোগ্যতা অর্জন করেছে

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন