সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৬:৩১ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার পথ সুগম হলো বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সম্প্রতি ঢাকা বিভাগীয় এবং জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে, যা তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে।
দীর্ঘদিন ধরে এটি অস্পষ্ট ছিল যে, বুলবুল কোন ক্যাটাগরিতে নির্বাচন করবেন। তবে, ঢাকা বিভাগ থেকে নির্বাচন করতে হলে বিভাগীয় বা জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে থাকা বাধ্যতামূলক। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এনএসসি’র নতুন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি থেকে মোহাম্মদ আশরাফুলের পরিবর্তে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে যুক্ত করা হয়েছে। এর ফলে বুলবুল অনায়াসে বিসিবি নির্বাচনে ঢাকা বিভাগ থেকে কাউন্সিলর হতে পারবেন।
একইভাবে, ঢাকা জেলা ক্রীড়া সংস্থার কমিটিতেও পরিবর্তন এসেছে। এই কমিটির নতুন তালিকায় সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসির পরিবর্তে নাম এসেছে বর্তমান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের।
এই দুটি পরিবর্তন থেকে স্পষ্ট, আসন্ন বিসিবি নির্বাচনে ঢাকা বিভাগ থেকে যে দুজন পরিচালক নির্বাচিত হবেন, তারা হলেন আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম। যদিও তাদের প্রতিদ্বন্দ্বী হওয়ার সম্ভাবনা রয়েছে জামালপুরের কাউন্সিলর রিদওয়ান বিন ফুয়াদের।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন