শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

বিসিবি নির্বাচন নিয়ে ক্রিকেটারদের পোস্ট, যা বললেন ক্রীড়া উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১১:০০ পিএম

বিসিবি নির্বাচন নিয়ে ক্রিকেটারদের পোস্ট, যা বললেন ক্রীড়া উপদেষ্টা

ছবি - সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে বর্তমান ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যমে সরব অবস্থান নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ক্রিকেটারদের এমন মন্তব্যকে তাদের চুক্তির লঙ্ঘন (কন্ট্রাক্ট ভায়োলেশন) হিসেবে উল্লেখ করেছেন বিসিবির ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর, ২০২৫) গণমাধ্যমে তিনি বলেন, "পৃথিবীর কোথাও দেখা যায় না যে বর্তমান ক্রিকেটাররা বোর্ডের নির্বাচনের মতো সংবেদনশীল বিষয়ে কথা বলছে। এটা তাদের কন্ট্রাক্টের সরাসরি ভায়োলেশন।"আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্রিকেটারদের এমন অবস্থানকে 'দুঃখজনক' আখ্যা দিয়ে বলেন, "ক্রিকেটারদের দিয়ে দলাদলি করানো খুবই দুঃখজনক। যারা এটা করাচ্ছেন, তাদের শেইম ফিল করা উচিত।"

বিসিবি নির্বাচন নিয়ে এমন উত্তাপের মধ্যে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন ফেসবুকে লেখেন, 'বিসিবি নির্বাচন ঘিরে যা ঘটছে, এসব কাম্য নয়। আমরা চাই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।'

জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনও একই সুরে বলেন, 'সুন্দর পরিবেশে বোর্ড নির্বাচন হোক। যেখানে জয়ী হবে কেবল ক্রিকেট।'

সভাপতি আমিনুল ইসলামের চিঠি ঘিরে রিট, স্থগিতাদেশ ও আপিল বিভাগের হস্তক্ষেপের পর নির্বাচন প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও, ২৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ১৭৭ জন কাউন্সিলরের নাম প্রকাশ করে।

বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে:

  • জেলা ও বিভাগীয় ভোটে ১০ পরিচালক।

  • ক্লাব ভোটে ১২ পরিচালক।

  • বিশ্ববিদ্যালয় ও সংস্থার ভোটে ১ পরিচালক।

নির্বাচিত মোট ২৫ জন পরিচালক মিলে পরবর্তী সময়ে নতুন সভাপতি ঠিক করবেন।