বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কাঁপছে তেঁতুলিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ০৯:৩৭ এএম

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কাঁপছে তেঁতুলিয়া

ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ার প্রভাবে উত্তরের জনপদ পঞ্চগড় এখন তীব্র শীতে কাঁপছে। গত কয়েকদিন ধরেই এই জেলার তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১১ ডিগ্রির ঘরে নেমে গেছে, যার ফলে দিন দিন শীতের প্রকোপ বাড়ছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।

এই সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। এর আগে শুক্রবার সকালে তেঁতুলিয়ায় ১২.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তেঁতুলিয়ায় তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে।

তিনি পূর্বাভাস দিয়েছেন যে সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের তীব্রতা আরও বাড়তে পারে।পঞ্চগড়ের তেঁতুলিয়ার আশপাশের এলাকায় গত কয়েক দিন ধরেই হিমালয়ের হিমেল বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। সকালে রোদের ঝলমলে দেখা মিললেও তাতে তেমন উত্তাপ নেই। রাতে ও সকালে ঠান্ডার কারণে গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে। তবে শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষগুলো কষ্টে দিন কাটাচ্ছেন। দিনের বেলা রোদের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা।

সারাদিন ঠান্ডা আবহাওয়া এবং শেষ বিকেলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ায় জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। এদিকে, এই তীব্র আবহাওয়ার কারণে হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় বাড়ছে। এই রোগীদের মধ্যে বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন, কেবল তারাই হাসপাতালে ভর্তি হচ্ছেন। সারাদেশের মধ্যে উত্তর জনপদের আবহাওয়ার এই পরিবর্তন তীব্র শীতের আগমনী বার্তা দিচ্ছে।