আবু সালেহ মো রায়হান
জানুয়ারি ১, ২০২৬, ০৯:৪৩ এএম
হিমালয়ের কোলঘেঁষা উত্তরের জেলা পঞ্চগড়ে পৌষের হাড়কাঁপানো শীতে নাকাল হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা আর হিমেল বাতাসের কারণে জেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান বেশি হওয়ায় শীতের অনুভূতি বহুগুণ বেড়েছে।
বিপর্যস্ত জনজীবন ও কৃষি: বুধবার রাত থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে জেলার পথঘাট। কুয়াশা ও হিমেল বাতাসের কারণে বৃহস্পতিবার সকালেও সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। তীব্র শীতের কারণে নিম্ন আয়ের মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
শীতের কারণে কৃষিতেও বিরূপ প্রভাব পড়েছে। ঘন কুয়াশায় বোরো ধানের বীজতলা ক্ষতির মুখে পড়েছে এবং আলু ও মরিচ খেতে বিভিন্ন রোগবালাইয়ের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এবং কুয়াশা ও হিমেল বাতাসের পরিমাণ বাড়লে শৈত্যপ্রবাহ আরও তীব্র হতে পারে।