জুলাই ২, ২০২৬, ১১:০৯ পিএম
চলতি জুলাই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে এ মাসে দেশে অন্তত ৮ থেকে ৯ দিন বজ্রঝড় বা বজ্রপাত হতে পারে। বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের কিছু এলাকা স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির কবলে পড়তে পারে।
জুলাই মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এসব আশঙ্কার কথা জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। মৃদু তাপপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
এ সময় দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার হতে পারে।এদিকে মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে। পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বর্তমান আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে নদীবন্দরগুলোকে প্রয়োজনীয় সতর্কবার্তা প্রদানের প্রস্তুতি চলছে। দেশের দৈনিক সূর্য কিরণকাল ৩ দশমিক ৭৫ থেকে ৫ দশমিক ৭৫ ঘণ্টা থাকতে পারে। সামগ্রিকভাবে জুলাই মাসের আবহাওয়া বেশ অস্থির থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন