নভেম্বর ১১, ২০২৫, ০৯:২৬ পিএম
ভারী বৃষ্টিপাতের কারণে এ বছর আগাম শীতকালীন শাকসবজি চাষ করতে কিছুটা দেরি হলেও রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা, কাচরন্দ এবং গোপালবাড়ির কৃষকরা এখন পুরোদমে এই আবাদে ঝুঁকছেন। এই অঞ্চলের কৃষকরা ঐতিহ্যগতভাবে পাট ও পেঁয়াজ চাষের জন্য বিখ্যাত হলেও বর্তমানে ফুলকপি, বাঁধাকপি|
গোল বেগুন, লম্বা বেগুনসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ করছেন। তবে কৃষকরা অভিযোগ করেছেন যে, বীজ, সার ও কীটনাশকের দাম বেশি হওয়ায় তাদের সবজি উৎপাদনে লাভ|
কমে যাচ্ছে এবং তারা চরম শঙ্কায় রয়েছেন। তাদের দাবি, সরকার যদি সারের মূল্য কমিয়ে দেয় এবং কীটনাশকের বাজার সঠিকভাবে মনিটরিং করে, তাহলেই তারা সবজি চাষ করে লাভবান হতে পারবেন|
অন্যথায় প্রতি বছরই তাদের লোকসানের মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে, রাজবাড়ী জেলা কৃষি বিভাগ চাষীদের এই উদ্যোগকে সফল করতে নিয়মিত নানা ধরনের পরামর্শ ও কৃষি প্রণোদনা দিয়ে সহযোগিতা করছে।
কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর রাজবাড়ী সদর উপজেলায় শীতকালীন শাকসবজির আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২২৫ হেক্টর জমি এবং এ পর্যন্ত প্রায় ৬০০ হেক্টর জমিতে বিভিন্ন আগাম শীতকালীন শাকসবজির আবাদ সম্পন্ন হয়েছে। বিশেষ করে সদর উপজেলার বরাট ইউনিয়নের পদ্মাসংলগ্ন উড়াকান্দার মাঠে আগাম শীতকালীন টমেটো, ফুলকপি ও বাঁধাকপির চাষ ভালো হচ্ছে। কৃষি বিভাগ আরও জানিয়েছে, তারা নিয়মিত মাঠ পরিদর্শন করছেন, কৃষকদের পরামর্শ দিচ্ছেন এবং কৃষকরা যেন সহজে সার ও বীজ পেতে পারেন, সে বিষয়েও নিয়মিত বাজার মনিটরিং করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন