অলিউর রহমান মিরাজ
ডিসেম্বর ২৬, ২০২৫, ০৪:২০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আমন ধান কাটার রেশ কাটতে না কাটতেই বোরো চাষের ব্যাপক প্রস্তুতি শুরু করেছেন কৃষকেরা। শীতের তীব্রতাকে উপেক্ষা করে মাঠের পর মাঠে এখন বোরো বীজতলা তৈরির মহোৎসব চলছে।
নবাবগঞ্জ উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় বোরো বীজতলার জন্য ৮৩৬ হেক্টর জমি নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ২৩৪ হেক্টর জমিতে হাইব্রীড এবং ৬০২ হেক্টর জমিতে উফশী জাতের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে। কৃষি অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বুধবার পর্যন্ত ৭২০ হেক্টর জমিতে বীজতলা তৈরির কাজ সম্পন্ন হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, এবার নবাবগঞ্জ উপজেলায় ১৭ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বোরো আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে ইতিমধ্যে ১ হাজার ৫৫০ জন চাষিকে সরকারি প্রণোদনার বীজ সরবরাহ করা হয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, কৃষকেরা ভোর থেকেই বীজতলার পরিচর্যায় ব্যস্ত। তবে সাম্প্রতিক ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে বীজতলা রক্ষায় কৃষকদের পলিথিন দিয়ে ঢেকে রাখা ও নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছে মাঠ পর্যায়ের কৃষি উপ-সহকারী কর্মকর্তারা। অনুকূল আবহাওয়া থাকলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে বোরো আবাদ হবে বলে আশা করছেন স্থানীয় কৃষকেরা।