আগস্ট ৬, ২০২৬, ০২:৩৮ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আমন মৌসুমে ধানের ক্ষেতে আগাছা পরিষ্কার ও জমির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। ভালো ফলনের আশায় প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত তারা মাঠে কাজ করে যাচ্ছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার চার নম্বর পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামে গিয়ে কৃষকদের এই কর্মব্যস্ততার চিত্র দেখা যায়।কয়েকদিনের বৃষ্টি ও অনুকূল আবহাওয়ার কারণে ধানের পাশাপাশি ক্ষেতে দ্রুত আগাছা বেড়ে উঠেছে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এসব অতিরিক্ত আগাছা ধান গাছের প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি শোষণ করে নেয়। এর ফলে ধানের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে বলে সময়মতো আগাছা পরিষ্কার করা অত্যন্ত জরুরি। শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে নিজেরাই জমির পরিচর্যা করছেন। সঠিক সময়ে আগাছা নিয়ন্ত্রণ করা গেলে ধানের গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং ফলনও ভালো হয় বলে তারা মনে করেন।
এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম জানিয়েছেন যে সঠিক সময়ে আগাছা দমন, সুষম সার প্রয়োগ ও প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করা হলে আমন ধানের উৎপাদন অনেকটাই বৃদ্ধি পাবে। কৃষকদের নিয়মিত মাঠ পর্যায়ে পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বর্তমানে বীরগঞ্জের বিভিন্ন ইউনিয়নের মাঠজুড়ে আমন ধানের সবুজ সমারোহের পাশাপাশি কৃষকদের এই কর্মব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং সময়মতো সঠিক পরিচর্যা অব্যাহত থাকলে চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হবে বলে আশা করছেন স্থানীয় কৃষকরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন