শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

শখের গরুর খামার থেকে ডরপার পালনে খামারির সাফল্য

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ১১:২০ এএম

শখের গরুর খামার থেকে ডরপার পালনে খামারির সাফল্য

রাজধানীর পূর্ববাড্ডায় ২০০৩ সালে সম্পূর্ণ শখের বসে খামার শুরু করেছিলেন মাহবুব। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের ব্যবধানে তাঁর সেই উদ্যোগ এখন একটি লাভজনক বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে খামারের ধরনে বড় পরিবর্তন এনেছেন তিনি। বর্তমানে গরুর পাশাপাশি ডরপার ও দুম্বা পালনে বেশি মনোযোগ দিচ্ছেন এই খামারি।

প্রাথমিক পর্যায়ে হলস্টাইন ফ্রিজিয়ান ও জার্সি জাতের গরু দিয়ে দুধ উৎপাদনের কাজ শুরু করেন তিনি। তাঁর খামারের প্রতিটি গাভি গড়ে আঠারো থেকে পঁচিশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। কিন্তু বর্তমানে গোখাদ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি এবং বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল পরিশোধের কারণে ডেইরি খাতে লোকসান গুনতে হচ্ছে তাঁকে। মাহবুব জানান, উৎপাদিত দুধ বিভিন্ন মাধ্যমে পঁচাত্তর থেকে একশো দশ টাকা লিটার দরে বিক্রি করেও তাঁর মাসে প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ক্ষতি হচ্ছে।

লোকসান কাটিয়ে উঠতে তিনি এখন ডরপার ও দুম্বা পালনের দিকে ঝুঁকেছেন। তাঁর মতে, গরুর চেয়ে এসব প্রাণী পালনে রোগবালাই ও চিকিৎসা খরচ অনেক কম। পাশাপাশি এদের বাজারমূল্যও বেশি। ছয় মাস বয়সী একটি গরুর বাছুর যেখানে প্রায় সত্তর হাজার টাকায় বিক্রি হয়, সেখানে একই বয়সী একটি দুম্বার দাম প্রায় নব্বই হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ওঠে। দ্রুত মাংস বৃদ্ধির কারণে ডরপার পালন অত্যন্ত লাভজনক বলে তিনি উল্লেখ করেন।

নতুন খামারিদের ডরপার বা গাড়ল দিয়ে খামার শুরু করার পরামর্শ দিয়েছেন মাহবুব। এ ছাড়া কৃষিনির্ভর খামারগুলোতে বাণিজ্যিক হারের বদলে কৃষিনির্ভর বিদ্যুৎ বিল কার্যকরের জন্য সরকারের কাছে দাবি জানান তিনি, যা ভবিষ্যৎ খামারিদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে।