মার্চ ৭, ২০২৬, ০৭:০৪ পিএম
নাটোরের সিংড়া উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে মজুত রাখার অভিযোগে এক অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে পৌরসভার নিংগইন এলাকায় পরিচালিত এই অভিযানে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে লুকিয়ে রাখা ১০ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
তদন্তে জানা যায়, নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে একটি বাঁশঝাড়ের নিচে কৌশলে পানির ট্যাংকি স্থাপন করে বিপুল পরিমাণ এই জ্বালানি তেল সংরক্ষণ করা হয়েছিল। ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেলের সন্ধান পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সিংড়া থানার মোড় এলাকার সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রুবেলকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়া জব্দকৃত ডিজেল দ্রুততম সময়ের মধ্যে নির্ধারিত বিক্রয়কেন্দ্রে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। অভিযুক্ত রুবেল নিংগইন ভাটোপাড়া এলাকার বেল্লাল হোসেনের ছেলে।অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, অসাধু উপায়ে তেলের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে এই মজুত গড়ে তোলা হয়েছিল।
যদিও ওই ব্যবসায়ীর মজুতের আইনি অনুমতি ছিল, তবে তেল সংরক্ষণের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও নিরাপত্তা পদ্ধতি অনুসরণ না করে মাটির নিচে পানির ট্যাংকিতে বেআইনিভাবে মজুত করায় পেট্রোলিয়াম আইন-২০১৬ অনুযায়ী তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একই দিনে উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দিপুর নেতৃত্বে পৃথক অভিযানে আরও ৩ জন দোকানদারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বর্তমানে জনস্বার্থে এই ধরনের তদারকি ও নিয়মিত গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে তিনি জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন