মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬,

ছাত্রদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২০, ২০২৬, ১০:১৬ এএম

ছাত্রদল নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

ছাত্রদল নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা

নওগাঁয় বাসচালককে মারধর ও কাউন্টার ভাঙচুরের ঘটনায় ছাত্রদল নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী চালক আনোয়ার হোসেন বাদল বাদী হয়ে সদর মডেল থানায় এই মামলা করেন। এজাহারে অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে।আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার প্রধান আসামিরা হলেন নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুর রউফ, ইসলামিয়া ফাজিল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আলী হাসান অন্তর এবং স্থানীয় যুবক মো. রিংকু। 

সোমবার দিবাগত রাত একটার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় একতা কাউন্টারের সামনে একটি অটোরিকশার সঙ্গে বাসের সামান্য ঘষা লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে চালক আনোয়ার হোসেনকে বেধড়ক মারধর করা হয়।হামলাকারীরা লাঠি দিয়ে তার মাথায় আঘাতের চেষ্টাও করে।

পরে একতা বাস কাউন্টারের চেয়ার-টেবিল ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে পাঁচ হাজার টাকার ক্ষতি হয়। এ ছাড়া চালকের পকেটে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।এই ঘটনার জেরে মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে আট ঘণ্টা পর বিকেল সাড়ে পাঁচটার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।জেলা বাস শ্রমিক ইউনিয়নের নেতারা যান চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে। অভিযুক্ত ছাত্রদল নেতা সোহাগের বিষয়ে সিসিটিভি ফুটেজের তথ্য কেন্দ্রে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন বিন ইসলাম দোহা।সম্প্রতি নওগাঁ জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেখানে যুগ্ম আহ্বায়ক পদ পেয়ে ক্ষুব্ধ সোহাগ ফেসবুকে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন। সদ্য ঘোষিত এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে তার অনুসারীরা এর আগে সড়ক অবরোধ ও মশাল মিছিলও করেছিল।