জুলাই ৪, ২০২৬, ১২:৫৮ পিএম
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী একটি লিডারশীপ ট্রেনিং ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়ে আজ শনিবার বেলা ১১টায় নীলফামারী জামায়াতের জেলা অফিস মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়।কর্মশালায় শ্রমিক আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উদ্বোধনী পর্বে জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান জুয়েল কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পবিত্র কুরআন ও হাদিসের আলোকে নৈতিকতা, আনুগত্য এবং আদর্শ পরিবার গঠনের ওপর প্রশিক্ষণার্থীদের বিশেষ জ্ঞান প্রদান করা হয়। এছাড়া ট্রেড ইউনিয়ন গঠন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং শ্রমিকদের অধিকার আদায়ে আইনগত দিকগুলো সেশনে গুরুত্ব পেয়েছে। কর্মশালার শেষাংশে প্রশিক্ষণার্থীরা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে সরাসরি দিকনির্দেশনা লাভ করেন।
প্রশিক্ষণ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চল পরিচালক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম এবং ডক্টর খাইরুল আনামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা দেশের শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক চরিত্রের সমন্বয়ে একটি আদর্শ শ্রমিক সমাজ গঠনে গুরুত্বারোপ করেন। আজ শনিবার বেলা ১১টায় সমাপনী বক্তব্যের মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন