জুলাই ১৪, ২০২৬, ০৩:১৪ পিএম
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালামের সাথে আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগর ভবনে আয়োজিত এই যৌথ সভায় অংশ নেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন এবং ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা মহানগরীর দখলকৃত খাল ও খেলার মাঠ উদ্ধার, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বাসা-বাড়ির ময়লার অতিরিক্ত বিল, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষা, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ফুটপাত দখলমুক্ত করার মতো গুরুত্বপূর্ণ নাগরিক ইস্যুগুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। ডেঙ্গু মশক নিধন কর্মসূচি ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার বিষয়েও প্রশাসক ও সংসদ সদস্যরা একমত পোষণ করেন।
ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন আঞ্চলিক কার্যালয়গুলোর মাধ্যমে উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে তত্ত্বাবধান ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।মাননীয় সংসদ সদস্যদের উপস্থিতিকে স্বাগত জানিয়ে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বিদ্যমান সকল সমস্যা সমাধান ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকে সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন ও সৈয়দ জয়নুল আবেদীনের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও যাত্রাবাড়ী থানা আমির মো. শাজাহান খান, ডেমরা মধ্য থানা আমির মোহাম্মদ আলী, ডেমরা পূর্ব থানা আমির প্রকৌশলী তমিজ উদ্দিন সোহরাওয়ার্দী, কদমতলী মধ্য থানা আমির মুহাম্মদ মহিউদ্দিন, কদমতলী পূর্ব থানা আমির প্রকৌশলী জসিম উদ্দিন, যাত্রাবাড়ী শ্যামপুর থানা আমির মুহাম্মদ যাকীর হুসাইন, যাত্রাবাড়ী পূর্ব থানা নায়েবে আমির প্রকৌশলী আতিকুর রহমান চৌধুরী, শামসুল হুদা পলাশ ও মো. মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় নেতারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন