সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে বিষাক্ত ‘শিয়ালমুত্রা’ ঘাস খেয়ে ৪ গরুর মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৫, ০৯:১৯ পিএম

পঞ্চগড়ে বিষাক্ত ‘শিয়ালমুত্রা’ ঘাস খেয়ে ৪ গরুর মৃত্যু

পঞ্চগড়ে ‘শিয়ালমুত্রা’ নামে এক ধরনের বিষাক্ত ঘাস খেয়ে চারটি গরুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকালে জেলা সদরের ধাক্কামারা ইউনিয়নের খানপুকুর গ্রামে এই ঘটনা ঘটে। এতে আরও একটি গরু গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছে।ক্ষতিগ্রস্ত গরুগুলোর মালিক ওই গ্রামের গ্রাম পুলিশ রফিকুল ইসলাম। মৃত চারটি গরুর বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা বলে তিনি জানিয়েছেন।

রফিকুল ইসলাম জানান, শনিবার তিনি বাড়ির পাশের জমি থেকে এক বস্তা ঘাস কেটে গরুগুলোকে খাইয়েছিলেন। সন্ধ্যায় যথারীতি গরুগুলোকে ঘরে দেন। রোববার সকালে উঠে দেখতে পান, দুটি গরু রাতেই মারা গেছে এবং বাকি তিনটির অবস্থাও আশঙ্কাজনক। সকালে আরও দুটি গরু মারা যায়।

খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রফিকুল ইসলাম বলেন, "প্রাণিসম্পদ অফিস থেকে এসে নিশ্চিত করেছেন যে, শনিবার খাওয়ানো ঘাসের মধ্যে শিয়ালমুত্রার ঘাস ছিল। সেই ঘাসের বিষক্রিয়ায় গরুগুলো মারা গেছে। অসুস্থ একটি গরুর চিকিৎসা চলছে।"এ ব্যাপারে পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মরিয়ম রহমান জানান, "আমরা খবর নিয়েছি, শিয়ালমুত্রা ঘাস খেয়েই গরুগুলো মারা গেছে। এটি একটি গুল্মজাতীয় উদ্ভিদ এবং খুবই বিষাক্ত।"

তিনি আরও বলেন, "শুধু পঞ্চগড়েই নয়, দেশের বিভিন্ন স্থানে শিয়ালমুত্রার ঘাস খেয়ে অনেক গরু মারা গেছে। গবাদিপশু এই গুল্ম খেলে সেই পশুর মাংস এবং দুধে বিষক্রিয়া ছড়ায়। আমরা এই ধরনের গবাদিপশুর মাংস ও দুধ পান না করার জন্য প্রচারণা চালাচ্ছি। তবে সচেতনতার অভাবে মানুষজন এই বিষাক্ত গুল্মটি গবাদিপশুকে খাওয়াচ্ছে।"