আতিউর রহমান
নভেম্বর ২০, ২০২৫, ০৫:৩৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের ৬ জন নির্বাচিত সদস্য একযোগে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গ সংগঠনের রাজনীতি থেকে পদত্যাগ করে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিরল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।
ইউপি সদস্যবৃন্দ জানান, জনসেবার জন্য ইতিপূর্বে তারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকলেও, জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে তারা রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তারা পূর্বের কোনো কর্মকাণ্ডের জন্য কেউ ব্যথিত হয়ে থাকলে ক্ষমা প্রার্থনাও করেছেন।সংবাদ সম্মেলনে ইউপি সদস্যবৃন্দ অঙ্গীকার ব্যক্ত করেন, বর্তমানে দলটি বা এর অঙ্গ-সংগঠনের কোনো কার্যক্রমের সাথে তারা আর জড়িত নন এবং ভবিষ্যতেও কখনও জড়িত হবেন না।সাংবাদিকদের পক্ষ থেকে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক চাপের কারণে পদত্যাগ করছেন কিনা—এমন প্রশ্নের জবাবে ইউপি সদস্যবৃন্দ এই অভিযোগ অস্বীকার করেন।
তারা বলেন, জনগণের প্রত্যাশা এবং নিজেদের অনুভূতি থেকেই তারা রাজনীতি থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছেন।পদত্যাগকারী সদস্যবৃন্দ: পদত্যাগকারী ইউপি সদস্যরা হলেন: ৬ নং ওয়ার্ড সদস্য রাকিব হাসান রনি, ৭ নং ওয়ার্ড সদস্য আবু বক্কর সিদ্দিক, ৪ নং ওয়ার্ড সদস্য আজিজুর রহমান, ২ নং ওয়ার্ড সদস্য মমিনুর রশিদ মমিন, ৮ নং ওয়ার্ড সদস্য মোজাফ্ফর হোসেন এবং ৪-৫-৬ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য ফাউজিয়া বেগম।